বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের আজ জন্মদিন। তিনি ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএ পরীক্ষায় বাংলা ও আসাম জোনে প্রথম স্থান অর্জন করেন এবং মাসিক ত্রিশ টাকা বৃত্তি লাভ করেন। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান দখল করে এমএ পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এমএ পাসের পর, এবং ১৯৩৮ সালে কলকাতায় ড. প্রশান্তচন্দ্র মহলনবীশের অধীনে সংখ্যাতত্ত্ব বিষয়ে লেখাপড়া করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন এবং ১৯৫০ সালে ‘ডিজাইন অফ এক্সপেরিমেন্টস’ বিষয়ে গবেষণার জন্য ডকটরেট ডিগ্রি লাভ করেন।
১৯৫৪ সালে অধ্যাপক পদ লাভ করেন এবং ১৯৫৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। ১৯৬৪ সালে অবসর গ্রহণের পর সুপারনিউমেরারি প্রফেসর অব স্ট্যাটিস্টিক পদে নিযুক্ত হন।
তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মানিত করে।
কাজী মোতাহার হোসেন ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। তিনি ১৯২৯ থেকে ১৯৬০ পর্যন্ত একনাগাড়ে প্রায় ৩০ বছর দাবায় চ্যাম্পিয়ন ছিলেন। সাহিত্য জগতেও তাঁর অবদান উল্লেখযোগ্য, বিশেষ করে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বন্ধুত্ব।
ব্যক্তিজীবনে তিনি তিন কন্যা ও দুই পুত্রের জনক। ১৯৮১ সালের ৯ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।