দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা উৎসব ১ আগস্ট থেকে পিছিয়ে ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন কাজ করে, তাই পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শহরের ময়লা পরিষ্কারে দুই শিফটে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।
শাহে আলম রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা ইস্যুতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, যাতে কোথাও কোনো ঘাটতি আছে কি না তা জানানো হয়।
প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উৎসবের মূল অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ মেগা উৎসবের আয়োজন করা হচ্ছে।