রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের ভেঙে যাওয়া প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপন এবং বাকি গ্লাসগুলো মজবুত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই উদ্যোগের ফলে বিগত চার মাস ধরে নিরাপত্তাহীনতায় কাটানো নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ী ও রংপুর বিভাগীয় বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন ফুটবল দলের কোচ মিলন মিয়া, অধিনায়ক অনন্যা খানম এবং স্ট্রাইকার স্মৃতি কিস্কুসহ অন্যান্য নারী ফুটবলাররা।
গত ২৫ এপ্রিল এক প্রবল ঘূর্ণিঝড়ে স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রটেকশন গ্লাস ভেঙে যায়। এরপর থেকে সেখানে বসবাস করছিলেন বালিকা ফুটবল দলের ৮ জন সদস্য। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলেও কোনো সুরাহা হয়নি।
যমুনা টেলিভিশনে সম্প্রতি এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা প্রশাসনের নজরে আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।
দলের অধিনায়ক অনন্যা খানম বলেন, "চার মাস ধরে আমরা চরম আতঙ্কের মধ্যে এখানে থেকেছি। রাতের বেলায় কখন কে ঢুকে পড়ে সেই ভয়ে ঘুম হতো না। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ইউএনও স্যার নিজে এসে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন।"
পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন বলেন, "এই ক্ষুদে ফুটবলাররা পুরো রংপুর ও বাংলাদেশকে আলোকিত করেছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যমুনা টেলিভিশন বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ।"