শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর।

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল

ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) রাখা হয়েছিল। এই তথ্য চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই দাবি করেন।

চিফ প্রসিকিউটর বলেন, নির্মম নির্যাতনের সেল সরাসরি দেখাতে বিচারপতিদের আনা হয়েছে। এটি মেমোরেন্ডাম আদালতের বিচারের একটি অংশ হবে। তিনি উল্লেখ করেন, যারা আলামত নষ্ট করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন যে, টিএফআই সেল বলতে কিছু নেই এবং র‍্যাব এসবের সঙ্গে জড়িত নয়।

প্রসঙ্গত, র‍্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। সকাল সাড়ে ১০টার পর তারা রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে পৌঁছান।

এ মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন। তারা তখন র‍্যাবে দায়িত্ব পালন করছিলেন। এই মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক রয়েছেন।

এর আগে, ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন