মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী হয়ে উঠেছেন। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। এই তথ্য জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।'
বৈঠকের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। গোরের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গোর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবগত হন।
সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত।
তার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।