বাংলাদেশ ব্যাংক দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় ধাপে ধাপে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, প্রথম পর্যায়ে সবচেয়ে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
আরিফ হোসেন খান বলেন, পরের ধাপে যেসব ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে, সেগুলোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের আর্থিক কাঠামো, আইনগত পরিবেশ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তরিকাতেই নিয়মিত কাজ করে যাচ্ছে। পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে তিনি বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।