ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেরা গোলের পুরস্কার জিতেছেন কেপ ভার্ডের ফুটবলার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে 'রাউন্ড অব ৩২'-এর ম্যাচে তার অসাধারণ গোলটি নির্বাচিত হয়েছে হুন্দাই 'গোল অব দ্য টুর্নামেন্ট' হিসেবে।
ম্যাচের আগে লোপেস কাব্রাল বলেছিলেন, 'আমি আশা করছি, মেসির পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারব।' পরে মেসির সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর পাশাপাশি, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বের নজর কেড়ে নেন তিনি।
মায়ামির মাঠে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ে কেপ ভার্ডের ছোট দলটি যখন বিশ্বচ্যাম্পিয়নদের চাপে ফেলেছিল, তখন লোপেস কাব্রালের ডান পা জ্বলে ওঠে। অতিরিক্ত সময়ে, আর্জেন্টিনার ডিফেন্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে নিখুঁত বাঁকানো শটে বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজের গোলপোস্টের ওপরের কোণে।
তার সেই গোলেই স্কোরলাইন দাঁড়ায় ২-২। যদিও পরে ম্যাচটি ৩-২ গোলে হারেন কেপ ভার্ড, তবুও লোপেস কাব্রালের গোলটি বিশ্বকাপের অন্যতম সেরা দৃশ্য হয়ে থেকে যায়। এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভ এবং হাইতির উইলসন ইসিদোর দুর্দান্ত গোলকে।
লোপেস কাব্রাল বলেন, 'প্রতিপক্ষকে ড্রিবল করে পার হওয়ার পর আমি একটু জায়গা দেখতে পাই এবং মনে হলো, চেষ্টা করে দেখি। আমি দুই পায়েই ভালো শট নিতে পারি।' তিনি আরও জানান, 'বল যখন গোলের ওপরের কোণের দিকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল, আমি আসলে কী করে ফেললাম!'
গোল করার পর নিজের উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'সেই গোল করার মুহূর্তের উত্তেজনায় কিছু না ভেবেই দৌড় শুরু করেছিলাম। পরে মনে হলো, আমি বিশ্বকাপে গোল করেছি।'
ম্যাচের পর তার মা তেরেসা আবেগে জ্ঞান হারিয়ে ফেলেন। লোপেস কাব্রাল বলেন, 'ম্যাচের আগে আমি আমার মা ও বান্ধবীকে বলেছিলাম, গোল করলে আমি তাদের কাছে ছুটে যাব। কিন্তু সেখানে গিয়ে দেখি, আমার মা কাঁদছেন।'
ফুটবল কিংবদন্তি ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলোও তার গোলের প্রশংসা করেছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, 'মার্সেলো আমার অন্যতম বড় আদর্শ। তিনি আমাকে জানিয়েছেন, টুর্নামেন্টের সেরা গোল হিসেবে তিনি আমার গোলকে ভোট দিয়েছেন।'
লোপেস কাব্রালের ক্যারিয়ারও রূপকথার মতো। মাত্র তিন বছর আগে তিনি জার্মানির পঞ্চম বিভাগের ফুটবল খেলতেন। এখন তিনি বিশ্বকাপের মঞ্চে উঠে এসে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতেছেন।