ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে নির্মিত সরাসরি চলাচলের লেন বর্তমানে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কংক্রিটের দেয়াল ও মধ্যবর্তী বিভাজক না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে মুখোমুখি সংঘর্ষ।
এই বিশেষ লেনটি যানজট কমাতে এবং যানবাহনের গতি বাড়াতে তৈরি করা হয়েছিল। তবে এখন এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরু লেনে দুই দিকের যানবাহন চলাচল করছে, যা ওভারটেক করার সময় ভয়াবহ ঝুঁকি তৈরি করছে।
এক মোটরসাইকেল চালক বলেন, “আগে দেয়াল ছিল না, তখন প্রয়োজনে ডান দিকে যেতে পারতাম। কিন্তু এখন ডিভাইডারের কারণে গাড়ি চাপ দিলে সরে যাওয়ার জায়গা থাকে না।” স্থানীয় পথচারীরা জানান, এই লেনে ওভারটেকিং করার সময় প্রায় সংঘর্ষ ঘটছে, ফলে হতাহতের সংখ্যা বাড়ছে।
সড়ক নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়ককে অগ্রাধিকার দিয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সভাপতি নাহিদ মিয়া বলেন, “এটা একটি ভুল নকশা হিসেবে প্রমাণিত হয়েছে। আমাদের দাবি, এটিকে এক্সপ্রেসওয়ে করা যায় কিনা।”
মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম জানান, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ককে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। তিনি বলেন, “প্রধান নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় অতিসত্তর আমরা এই কার্যক্রম শুরু করতে পারব।”
ধামরাইবাসীদের দাবি, শুধু সাময়িক যানজট নিরসন নয়, ফোর লেন কিংবা এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রয়োজন। সড়ক নিরাপদে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছেন স্থানীয়রা।