তেলের দাম হ্রাস এবং মার্কিন ফেডের আগামী সপ্তাহের সুদের হার নিয়ে সিদ্ধান্তের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে।
আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে। মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে স্বর্ণের দাম আরও নিচে নামার ঝুঁকি বিদ্যমান।
তিনি বলেন, "স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।" আগামী সপ্তাহে ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা এই পরিস্থিতিতে সহায়ক হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উচ্চতা সুদের হারকে দীর্ঘসময় ধরে বাড়িয়ে রাখতে পারে—এমন আশঙ্কায় মূলত দাম কমেছে।
মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়, তবে উচ্চ সুদের হার সাধারণত সোনাকে চাপের মুখে ফেলে। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমেছে।