ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এই ঘটনা ঘটে।
ফজলুর রহমান ওই গ্রামের মহসিন আলীর ছেলে। তার ভাই শাহাজান আলী জানান, ফজলুর রহমান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি হাল চাষ করতে মাঠে যান। তিনি পাওয়ার টিলার দিয়ে জমির চাষ শুরু করার পর শাহাজান আলী পাশের জমিতে কাজ করছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। শাহাজান আলী কিছুক্ষণ পরে দেখেন পাওয়ার টিলার চলমান রয়েছে এবং ফজলুর রহমান মাটিতে পড়ে আছে। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে ফজলুর রহমানকে মৃত অবস্থায় পান।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফজলুর রহমানের অকাল মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন।