ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এ তথ্য জানিয়েছেন বিমান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
তিনি রোববার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ২০১৪ সালে যাত্রা শুরু করার পর ইউএস-বাংলা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য বেসরকারি বিমান পরিবহন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট সংযোজন করেছে।
বর্তমানে ইউএস-বাংলা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী ২৯ জুলাই ঢাকার হোটেল শেরাটনে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও মার্কিন রাষ্ট্রদূতসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী বছর ইউএস-বাংলার বহরে ২১টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে। তিনি উল্লেখ করেন, ইউএস-বাংলার এয়ারক্রাফটগুলোর গড় বয়স প্রায় ১০ বছর, যা আন্তর্জাতিক মানের।
এছাড়া, ইউএস-বাংলা যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রদান করবে, যা অন্যান্য এয়ারলাইনসে অতিরিক্ত অর্থের বিনিময়ে পাওয়া যায়।
বর্তমানে ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। প্রতিদিন তারা প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ও ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা দক্ষিণ এশিয়ায় কলকাতা, চেন্নাই, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় ফ্লাইট পরিচালনা করছে এবং আগামী বছর ফুকেট ও ব্রুনাইসহ নতুন গন্তব্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।