পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দাবি করেছেন, সরকারের আগাম পদক্ষেপের ফলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। তিনি রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে সরকার বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষ স্বল্প মূল্যে খাদ্য সহায়তা পাবেন।
মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, এবং মাইসছড়িতে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, অন্যান্য যেকোনো সময়ের তুলনায় জানমালের ক্ষতি অনেক কম হয়েছে।
৫-৬ জুলাই বর্ষণের পূর্বে পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তার কারণে ২ জুলাই থেকেই সচেতনতামূলক প্রচারণা চালানো সম্ভব হয়েছে। এর ফলে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আনা সম্ভব হয়েছে, যা ক্ষতির পরিমাণ কমাতে সহায়ক হয়েছে।