বলিউড অভিনেতা সোনু সুদ নেপালের ভয়াবহ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি সহায়তা চালিয়ে যাবেন।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু বলেন, "আমাদের দলের মূল লক্ষ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি দেখা করা এবং তাদের প্রয়োজন বোঝা।" তিনি উল্লেখ করেন, ত্রাণ প্রদান করলেই সব সমস্যা সমাধান হয় না; বরং দুর্গত মানুষের আসল প্রয়োজন জানাও জরুরি।
সোনুর পরিকল্পনা শুধুমাত্র খাদ্য বা জরুরি ত্রাণসামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী ভারত থেকে আরও ত্রাণসামগ্রী নেপালে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, "মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়াানো সবার দায়িত্ব।" তবে সীমান্ত পেরিয়ে ত্রাণ পৌঁছানো সহজ কাজ নয়, এবং এর জন্য প্রয়োজন অনেক মানুষের সমন্বিত সহযোগিতা।
নেপালের সাম্প্রতিক বন্যায় ৯৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৯২৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত। সোনু সুদের এই মানবিক উদ্যোগ বন্যার্তদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে।