ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে নূরুন্নাহার নামে ৭ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাংগী গ্রামের নুরু শেখের সাত বছর বয়সি কন্যা নুরুন্নাহার পদ্মা নদীর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় বিষাক্ত রাসেল ভাইপার সাপ শিশুটির পায়ে কামড় দেয়।
কামড় দেওয়ার পর নুরুন্নাহার চিৎকার করতে থাকলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে ধরে পলিথিনে ভরে রাখেন। পরে শিশুটিকে এবং রাসেল ভাইপার সাপটিকে নিয়ে তার স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন।
হাসপাতালে পৌঁছানোর পর শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।