মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদের পরামর্শ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো: ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
দেশে খাদ্য বিক্রি, প্রক্রিয়াজাত ও উৎপাদনের জন্য খাদ্যের মান সংক্রান্ত আলাদা কোনো লাইসেন্স নিতে হয় না। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি একটি বড় বাধা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, ব্যবসায়িক লাভের জন্য দেশে দীর্ঘদিন ধরেই খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দেয়ার প্রবণতা রয়েছে। ঝুঁকিপূর্ণ খাবার এড়াতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম জানান, দেশের খাদ্য বিক্রয়, প্রক্রিয়াজাত ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যবসা শুরুর জন্য আলাদা কোনো লাইসেন্স নিতে হয় না, ফলে খাবারে ক্ষতিকর উপাদান দেয়া থামানো যাচ্ছে না। নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে থাকে ৩৮টি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু অভিযোগ রয়েছে, এদের মধ্যে তেমন কোনো সমন্বয় নেই।