দেশে হাম ও হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০-তে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে, এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৬৮৫ জনের। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এই তথ্যে আরও জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। একই সময়ে, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই প্রাদুর্ভাবে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।