ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজ শিক্ষার্থী মারুফ (১৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত মারুফ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা গ্রামের সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে। তিনি চলতি বছর দোহারের চরলটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা (বিজনেস স্টাডিজ) বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
মারুফ শুক্রবার বিকেলে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে নিখোঁজ হন। ঘটনার ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, রাতের কারণে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। সকালে উদ্ধার কার্যক্রম শুরু হলে মারুফের মরদেহ খালের তলদেশ থেকে পাওয়া যায়।
দোহার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শায়হান ওলিউল্লাহ (পিপিএম) বলেন, উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।