মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আট বছরের এক শিশু নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। নিখোঁজ হওয়ার একদিন পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন।
শিশুটির নাম সুমন জমাদ্দার এবং সে সদর উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার (১৫ জুলাই) মাদারীপুরের শিরখাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘুরতে দেখা যায় তাকে।
জেলা সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া শিশুটিকে দেখে বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে হেফাজতে নেন। শিশুটির ব্যাগ তল্লাশি করে নগদ ৬৪ হাজার ১২০ টাকা ও খেলনা উদ্ধার করা হয়।
উদ্ধারের পর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন সাংবাদিকদের জানান, তারা শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। এরপর শুক্রবার ভোররাতে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির বাবা সুমন জমাদ্দার বলেন, ‘ছেলেকে হারিয়ে পরিবারের সবাই পাগল হয়ে গিয়েছিলাম। হাসপাতালের আনসার সদস্যরা উদ্ধার না করলে আমার ছেলে হয়তো আরো দূরে কোথাও হারিয়ে যেত।’
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন আরও বলেন, ‘শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্তানদের প্রতি বাবা-মাকে আরো দায়িত্বশীল হওয়ারও অনুরোধ জানাচ্ছি।’