টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুর একাংশ ধসে পড়েছে। এই ঘটনায় রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বাস চলাচল বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কৃষি ও নিত্যপণ্যের পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে বাড়তি খরচ ও সময় গুনতে হচ্ছে।
বান্দরবান-রাঙামাটি সড়কের মোট দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, যার মধ্যে ৩০ কিলোমিটার রাঙামাটি এবং ৩৩ কিলোমিটার বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার তীব্র ঢলে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সেতুর ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শিলক খালের বেইলি সেতুর এক অংশ ভেঙে পড়ে।
স্থানীয়দের জন্য ৬ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, যা সময় ও ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বান্দরবানের সওজ নির্বাহী প্রকৌশলী মো. সাখায়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে।’
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন যে, বান্দরবানের ৯৩টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত আরসিসি সেতু নির্মাণ করা না হলে প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থেকেই যাবে।