শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উত্তারার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা করে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সড়ে যান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রদলের নেতা–কর্মীরাও সেখানে উপস্থিত রয়েছেন।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তাঁরা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান।