ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পলিথিনকে চিহ্নিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, পলিথিনের ব্যবহার কমানো না গেলে জলাবদ্ধতা ঠেকানো কঠিন হবে।
১৩ জুলাই সকালে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জলজট হওয়া সবগুলো এলাকায় পানি চলাচলের রাস্তায় পলিথিন জমে ছিল।" সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা বিপুল পরিমাণ পলিথিন সংগ্রহ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক সরকারকে পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তিনি বলেন, "ঢাকার জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া।" ঢাকার খালগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা গেলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, "ঢাকার পানি বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যায় নেওয়া গেলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।"
এ সময় তিনি ঢাকার ৪১৬ বছর উপলক্ষ্যে ৭ দিনব্যাপী ঢাকা উৎসবের ঘোষণা দেন।