ভারী বর্ষণের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সোমবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
রোববার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানান, টানা বৃষ্টির ফলে কোথায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, সে সম্পর্কে জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘শনিবার থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্য বোর্ডে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, চট্টগ্রামে সেগুলো পরবর্তীতে পুনরায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রুটিন অনুযায়ী, আগামী সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। গত ২ জুলাই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়।