সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফুটবলে 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়ম: কার্যকারিতা ও পরিবর্তন

ফুটবলে 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মের কার্যকারিতা ও নতুন পরিবর্তন নিয়ে আলোচনা।

ফুটবলে 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়ম: কার্যকারিতা ও পরিবর্তন

ফুটবল ম্যাচে ফাউল বা অসদাচরণের জন্য রেফারি খেলোয়াড়দের হলুদ কিংবা লাল কার্ড দেখান। তবে কখনও কখনও প্রকৃত অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করতে না পেরে ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়ে ফেলেন। ফুটবলের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় 'মিসটেকেন আইডেন্টিটি' বা ভুল খেলোয়াড় শনাক্তকরণ।

একসময় এই ধরনের ভুলের কারণে নিরপরাধ খেলোয়াড়কে শাস্তি পেতে হতো। পরে সংশ্লিষ্ট দলকে আপিলের মাধ্যমে সেই সিদ্ধান্ত সংশোধন করতে হতো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালু হওয়ার পর এ ধরনের ভুল তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ তৈরি হয়েছে।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর আইন-৫ এবং ভিএআর প্রোটোকলের আওতায় 'মিসটেকেন আইডেন্টিটি' বিষয়টি পরিচালিত হয়। প্রথমদিকে এই নিয়মের আওতায় কেবল তখনই ভিএআর হস্তক্ষেপ করতে পারত, যখন রেফারি একই দলের একজনের পরিবর্তে ভুলবশত অন্য একজন সতীর্থকে কার্ড দেখাতেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আইএফএবি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, এখন প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় ভুলবশত কার্ড পেলে কিংবা প্রকৃত অপরাধী অন্য দলের খেলোয়াড় হলে, সেই সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে সংশোধন করা যাবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, রেফারি যদি কোনো ঘটনার জন্য স্পষ্টভাবে ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখান, তাহলে সেটি 'মিসটেকেন আইডেন্টিটি' হিসেবে বিবেচিত হবে। তবে এই প্রক্রিয়ায় কেবল ভুল খেলোয়াড়কে চিহ্নিত করার বিষয়টি সংশোধন করা যাবে, মূল অপরাধের প্রকৃতি নতুন করে পর্যালোচনা করা হবে না।

আগের নিয়মে শুধু একই দলের খেলোয়াড়দের মধ্যে ভুল হলে সেটি সংশোধন করা যেত। কিন্তু নতুন নিয়মে প্রতিপক্ষের খেলোয়াড়ও এই সুরক্ষা পাচ্ছেন।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুইবার 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়ম প্রয়োগ করা হয়েছে। প্রথম ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে, যেখানে মার্কিন ডিফেন্ডার টিম রিমকে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখানো হয়েছিল। পরবর্তীতে দেখা যায়, প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন ডাইভ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করেছিলেন। দ্বিতীয়বার নিয়মটি ব্যবহার করা হয় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে, যেখানে রেফারি নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

বিজ্ঞাপন