ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ৩১টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সিলেট জৈন্তাপুর থেকে একজন খামারী একটি ট্রাকে ভর্তি করে গরুগুলো নরসিংদী যাচ্ছিলেন।
বিজয়নগর উপজেলার শ্যামলীঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাকের চালক ও হেলপারকে জিম্মি করে। ডাকাতরা চালক ও হেলপারের হাত বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর 'ট্রিপল-৯' এ খবর দেওয়া হলে বিজয়নগর ও সরাইল থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। ভোরে সরাইল উপজেলার ধরন্তি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩১টি গরুসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকের চালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগী খামারির অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।