কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৪। শনিবার (১১ জুলাই) সকালে র্যাব-৪-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা।
২০২১ সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আদালত আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে অন্যান্য বন্দিদের সঙ্গে পালিয়ে যান আব্দুল্লাহ শিকদার। পালানোর পর তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।