বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে হাজির হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার পরিকল্পনা নিয়ে কথা বলার পরিবর্তে রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দেয় কি না, সেই বিষয়ে আলোচনা শুরু হয়। স্কালোনি এ ধরনের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে জানান, ভিএআরের যুগে রেফারির পক্ষপাত অসম্ভব।
তিনি বলেন, '১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল, আর্জেন্টিনা নাকি রেফারিদের সুবিধা পাচ্ছে। তাই এসব অভিযোগ নতুন কিছু নয়।' স্কালোনি আরও বলেন, 'আর্জেন্টিনা সব সময়ই এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল।'
স্কালোনি যোগ করেন, 'কিছু মানুষ অন্য দলগুলোকেও জিততে দেখতে চায় না। হয়তো আমাদের হারতে দেখতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি। আমরা সেটা জানি।'
তিনি জানান, খেলোয়াড়দের এসব অভিযোগকে অনুপ্রেরণা হিসেবে নিতে বলা হয়েছে, যাতে তারা আরও ভালো খেলতে পারে। স্কালোনি দাবি করেন, ভিএআরের যুগে কোনো দলকে রেফারি ইচ্ছেকৃতভাবে সুবিধা দিতে পারবেন না।
স্কালোনি বলেন, 'ভিএআরের যুগে কাউকে সুবিধা দেওয়া খুব কঠিন। একই ঘটনার দুই রকম ব্যাখ্যার সুযোগও খুব কম।' তিনি মিসরের বাতিল হওয়া গোলটির প্রসঙ্গও তোলেন এবং বলেন, 'প্রতিপক্ষের পা লিসান্দ্রোর (মার্তিনেস) পায়ের ওপর ছিল। এটা ফাউলই।'
আর্জেন্টিনা কোচ স্পষ্টভাবে দাবি করেন, 'আর্জেন্টিনা কোনো ধরনের (রেফারির) পক্ষপাতমূলক সুবিধা পায়নি।' তিনি বলেন, 'এটি সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি বিতর্ক।'
স্কালোনি আরও বলেন, 'বর্তমানে এত প্রযুক্তির মধ্যে রেফারির সাহায্য বলে কিছু নেই। নিয়মগুলো পরিষ্কার।'