রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

গণঅভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, ‘স্বাগতম, শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে।’ তিনি উল্লেখ করেন, সরকার শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে চায় এবং শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কী?’ এছাড়া বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি।

ড. নজরুল বলেন, ‘আপনি জুলাই গণঅভ্যুত্থানকালে আপনার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়েছেন। কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে।’

তিনি আহ্বান জানান, ‘যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না। ফিরে আসুন, আইনের মুখোমুখি হোন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাসনে থাকা দলের নেতাদেরও দেশে ফেরার আহ্বান জানান।

বিজ্ঞাপন