অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। আসিফ নজরুল লিখেছেন, ‘স্বাগতম, শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে।’
তিনি উল্লেখ করেন, সরকার শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে চায় এবং শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন করেন, ‘যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন?’
আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কী?’
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এবং ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যেগুলোর বিষয়ে শেখ হাসিনার ব্যাখ্যা প্রয়োজন।
আসিফ নজরুল বলেন, ‘আপনি জুলাই গণঅভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে এই পরিস্থিতির রাজনৈতিক ও আইনি পরিণতি বহন করতে হয়েছে।’
তিনি সমাপ্তিতে বলেন, ‘যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না। ফিরে আসুন, আইনের মুখোমুখি হোন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন।’