বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মমতাময়ী মা, বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ জুলাই (শনিবার) পালিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিকেল ৩টায় নরসিংদীর সদর উপজেলার বেলাবো গ্রামে পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খোরশেদা বানু ২০১১ সালের ১ জুলাই সুবেহ সাদেকের সময় ইন্তেকাল করেন। তিনি নরসিংদী থানাধীন বেলাবো গ্রামের ঐতিহ্যবাহী ডেপুটি বাড়ির সন্তান ছিলেন। তাঁর বাবা মরহুম আবদুল গফুর ছিলেন ব্রিটিশ শাসন আমলে প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট।
তিনি ছিলেন আট ভাই-বোনের মধ্যে দ্বিতীয় এবং বোনদের মধ্যে বড়। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, পরোপকারী ও বিনয়ী ছিলেন। ঢাকার বিখ্যাত ইডেন স্কুলের ছাত্রী হিসেবে তিনি শিক্ষা জীবন শুরু করেন।
বেগম খোরশেদা বানু ১৯৪২ সালে আবদুল মোমেন খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন এক আদর্শ গৃহিণী এবং তিন সন্তানের গর্বিত মা। তাঁর ছেলে ড. আব্দুল মঈন খান এবং দুই মেয়ে ফৌজিয়া বেগম ও ড. সেলিমা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
১৯৮৮ সালে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তিনি খান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এছাড়া, তিনি দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন।
বেগম খোরশেদা বানু তাঁর মোমেনবাগের আবাসস্থল খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ব্যবহারে প্রদান করেছেন। তিনি শহীদ গিয়াসউদ্দিন গার্লস হাই স্কুলের উন্নয়নে জমি দান করে গ্রামবাসীর কল্যাণে কাজ করেছেন।