বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বান্দরবানে পাহাড়ধসে ৫, কক্সবাজারে ২ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জন ও কক্সবাজারে ২ জনের মৃত্যু হয়েছে, বিপর্যস্ত চট্টগ্রাম ও পার্বত্য জেলা।

বান্দরবানে পাহাড়ধসে ৫, কক্সবাজারে ২ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে টানা বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজারসহ তিনটি পার্বত্য জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবানের লামা উপজেলায় আজিজনগর এলাকায় পাহাড়ধসে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বান্দরবান সদর থেকে রাঙ্গামাটি, চট্টগ্রামসহ অভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, কক্সবাজারের চকরিয়া বরইতলী ইউনিয়নে পাহাড়ধসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কাতালগঞ্জ, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, ষোলকবহর, চান্দঁগাও মোহরাসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত চারদিনে চট্টগ্রামে মোট ৮০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর গত ২৪ ঘণ্টায় ২৪৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন বেসরকারি স্কুলের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীসহ ছড়া খালের পানি কিছুটা নেমেছে, তবে এখনও কিছু নিচু স্থানে জলাবদ্ধতা রয়ে গেছে।

দীঘিনালা থেকে সাজেক-লংগদু ও বাঘাইছড়ি সড়ক বন্ধ রয়েছে। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন