প্রতি বছর বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। সম্প্রতি প্রকাশিত লাইভেবিলিটি ইনডেক্সে ১৭৩ শহরের র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবে ডেনমার্কের কোপেনহেগেন শীর্ষে রয়েছে। এটি টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে।
ইআইইউ'র প্রতিবেদন অনুযায়ী, কোপেনহেগেনের গড় পয়েন্ট ৯৮। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, যার পয়েন্ট ৯৭। শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার, যেখানে মেলবোর্ন তিন নম্বরে এবং সিডনি চার নম্বরে অবস্থান করছে।
এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের টোকিও ও ওসাকা শীর্ষ দশে স্থান পেয়েছে। এছাড়া, সুইজারল্যান্ডের দুটি ও কানাডার একটি শহরও তালিকায় রয়েছে।
এদিকে, ১৭৩ দেশের এই তালিকায় ঢাকা ১৭১ তম অবস্থানে রয়েছে, যা বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থান। ঢাকার গড় পয়েন্ট মাত্র ৪২, যার মধ্যে অবকাঠামোর সূচকে সর্বনিম্ন ২৭ পয়েন্ট। শিক্ষায় ঢাকার পয়েন্ট ৬৭। গতবারের মতো এবারও ঢাকা একই অবস্থানে রয়েছে।
তালিকার সবচেয়ে নীচে সিরিয়ার দামেস্ক রয়েছে, এবং ঢাকার নিচে আছে লিবিয়ার ত্রিপোলি। কম বসবাসযোগ্য শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ইউক্রেনের কিয়েভ, জিম্বাবুয়ের হারারে এবং ইরানের তেহরানও রয়েছে। যুদ্ধের কারণে তেহরানের অবস্থান অবনতি হয়েছে এবং এর ফলে শহরটি ভেনেজুয়েলার কারাকাসকে পেছনে ফেলে তালিকায় উঠে এসেছে।