প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
পিএমও বাংলাদেশ ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন এবং গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায়।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।
মতবিনিময়ের শেষে প্রধানমন্ত্রী তার রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন। উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোবোসাব ২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ, যা কলেজের উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত হচ্ছে।