পটুয়াখালীতে র্যাব-৮ একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার (৭ জুলাই) রাতে দুমকি থানার লেবুখালী পাগলার মোড় ও আঙ্গারিয়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড়ে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট দেখে পিকআপের চালক দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি চালকবিহীন অবস্থায় আঙ্গারিয়া ব্রিজের কাছে পাওয়া যায়। স্থানীয়দের মতে, চালকসহ তিন ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যান।
পিকআপটি তল্লাশি করে গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা স্থানে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাবের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।