বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে। এই নীতিতে সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে বাজারে অর্থের সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার বিষয়গুলোও মুদ্রানীতিতে অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর নতুন মুদ্রানীতি ঘোষণা করে থাকে।
ঘোষিত নীতিমালা চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।
সেই সময়, তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছিলেন। ২০২২ সালের শেষ দিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে নীতিসুদ হার বাড়িয়ে আসছে।
ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজেটেও এই উদ্দেশ্যে বন্ধ কারখানার চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।