জার্মানির স্টেড শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার (২৯ জুন) শহরের একটি মা ও শিশুকেন্দ্রে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী।
ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। হামলার সাথে জড়িত সন্দেহে বন্দুকধারীসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিবাদজনিত কারণ থাকতে পারে বলে ধারণা করছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, হামলাকারী ৪৫ বছর বয়সী একজন তুরস্কের বংশোদ্ভূত জার্মান নাগরিক, যিনি এর আগে কারাভোগ করেছেন। স্টেড শহরের জনসংখ্যা মাত্র ৫০ হাজার, যেখানে এমন সহিংসতার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।
তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আপাতত শহরের বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।