ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে চললে, ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে।
তিনি সতর্ক করে জানান, তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেওয়া হলে ইরান দৃঢ় অবস্থান নেবে। সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক সমঝোতা একতরফা বিষয় নয়; এটি উভয় পক্ষের দায়বদ্ধতার ওপর নির্ভর করে।
পেজেশকিয়ান লেখেন, 'পারস্পরিক বোঝাপড়া দুই পক্ষেরই বিষয়। যদি মার্কিন পক্ষ চুক্তি মেনে চলে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো।'
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও, হোয়াইট হাউসের প্রতি ইঙ্গিত করে কটাক্ষ করেন। পেজেশকিয়ান বলেন, 'অযৌক্তিক অভিযোগ এবং ভিত্তিহীন হুমকির মোকাবিলায় আমাদের নীতি হলো সিদ্ধান্ত গ্রহণে যুক্তিবোধ ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দেওয়া।'
তিনি আরও জানান, বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে ইরান দৃঢ়, আপসহীন এবং দ্বিধাহীন অবস্থান নেবে।
পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চললেও পারস্পরিক অবিশ্বাস এখনো রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্যে আলোচনার পথ খোলা রাখার বার্তা রয়েছে, অন্যদিকে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান বজায় রাখারও স্পষ্ট ইঙ্গিত রয়েছে।