সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত নিষিদ্ধের পেছনে একদলীয় শাসনের পরিকল্পনা?

জামায়াত নিষিদ্ধের পেছনে একদলীয় শাসনের পরিকল্পনার অভিযোগ তুললেন এ টি এম আজহারুল ইসলাম।

জামায়াত নিষিদ্ধের পেছনে একদলীয় শাসনের পরিকল্পনা?

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বলেন, "আপনারা জামায়াতকে নিষিদ্ধের কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থানটা পূরণ করবে কে?"

তিনি আরও বলেন, "আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কী একদলীয় শাসন কায়েম করাবেন? যদি না করেন, এটা কে পূরণ করবে?" এ টি এম আজহারুল ইসলাম সরকারের উদ্দেশ্যে ইঙ্গিত করেন যে, তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে চাচ্ছেন।

এ সময়ে তিনি উল্লেখ করেন, "চার মাসেও একটা লোক খুঁজে পেলেন না যে প্রেসিডেন্ট হবে? ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনাদের পছন্দ হয়। তাকেই রাখার চেষ্টা করতেছেন।"

জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করতে হলে তাদের সব চিহ্ন পুরোপুরি মুছে ফেলতে হবে। তিনি বলেন, "এতো বড় বিএনপির দল, তাকে এতো পছন্দ হয় কেন? জনগণের কাছে আপনারা বিষয়টি খোলাসা করুন।"

বক্তব্যের শুরুতে তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ শীর্ষ নেতার কথা স্মরণ করেন এবং এর পুনঃতদন্ত ও বিচার দাবি করেন। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে তিনি জুডিশিয়াল কিলিং হিসেবে উল্লেখ করেন।

এ টি এম আজহারুল ইসলাম জানান, মৃত্যুদণ্ড কার্যকরের পেছনে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারও মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, যা আপিল বিভাগেও বহাল ছিল, তবে তিনি পরবর্তীতে খালাস পান।

বিজ্ঞাপন