রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিনাব ট্রাজেডিতে মার্কিন তথ্যবিভ্রাটের দায় স্বীকার ব্লুমবার্গের

মিনাবের বিমান হামলায় মার্কিন গোয়েন্দা ত্রুটির দায় স্বীকার করেছে ব্লুমবার্গ।

মিনাব ট্রাজেডিতে মার্কিন তথ্যবিভ্রাটের দায় স্বীকার ব্লুমবার্গের

ইরানের মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১২০ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক নিহতের ঘটনায় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা বিভাগের গুরুতর ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের প্রথম দিনে মিনাবের একটি স্কুল ধংসস্তুপে পরিণত হয়, যেখানে প্রাণ হারায় ১২০টি নিষ্পাপ শিশু। বিশ্বজুড়ে এই ঘটনার নিন্দা উঠলেও, এখনও নিশ্চিত হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে জবাবদিহিতা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের নির্দেশে তদন্ত সম্পন্ন হলেও, পেন্টাগন আনুষ্ঠানিক ফল প্রকাশ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলার জটিলতার কারণে স্পষ্ট কারণ চিহ্নিত করা সম্ভব নয়।

গোপন সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, পেন্টাগনের তথ্যবিভ্রাট এবং সমন্বয়হীনতা এই ঘটনার জন্য দায়ী। ২০১৯ সালে এক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক মিনাবের একটি স্থানের তথ্য ভুলভাবে বিশ্লেষণ করেছিলেন, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর এড়িয়ে যায়।

এছাড়া, তদন্ত কর্মকর্তারা জানান, হামলার আগেও বিশ্লেষকদের মন্তব্য ও ছবি যুক্ত করার জন্য ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ ডেটাবেজ মূল ডেটাবেজের সাথে সংযুক্ত ছিল না, ফলে সঠিক তথ্য কমান্ড সেন্টারে পৌঁছায়নি।

বেসরকারি সংস্থা এয়ারওয়ার্সের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ইরানে বেসামরিক নাগরিকদের ওপর অন্তত ৩০০টি হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাত রয়েছে কিনা, তা নিশ্চিত করেনি সংস্থাটি।

জবাবদিহিতা নিশ্চিত না হলে ইরানের মিনাবের এই ট্রাজেডি যুদ্ধকালীন গোয়েন্দা ত্রুটির ভয়াবহ নজির হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

বিজ্ঞাপন