রাজধানীর বাংলাবাজারে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাতেই হামলাকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতির জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল অতিক্রম করার সময় জাকির হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। জাকির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
ঘটনার পর থেকে পুলিশ অন্যান্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে।