মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে, তবে তা খুব বেশি নয়। শুক্রবার (২৬ জুন) ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, "ইরানের সাথে আমাদের এখনও একটা লড়াই চলছে। তাদের কিছুটা সক্ষমতা আছে, কিন্তু তা খুব বেশি নয়। তারা কোনো কিছুই জয় করতে পারছে না। তবে তারা এখনও হামলা চালাতে পারে।"
তিনি উল্লেখ করেন, সম্প্রতি হরমুজে একটি বড় জাহাজে হামলা চালানো হয়েছে, যেখানে চারটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। ট্রাম্প জানান, তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং একটি ড্রোন কিছু ক্ষয়ক্ষতি করেছে জাহাজের।
গত বৃহস্পতিবার, ইরান হরমুজে একটি কার্গো জাহাজে হামলা চালায়, যা ট্রাম্পের বক্তব্যে উল্লেখিত হয়। এর প্রতিক্রিয়া হিসেবে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে।