রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনের একটি ভাড়া বাসার নিচতলা থেকে মো. জসীমউদ্দীন (২৫) নামে এক সেনিটারি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জসীমউদ্দীনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার দক্ষিন ভাত খাওয়ার চর এলাকায়। তার বাবার নাম মোতালেব হোসেন। খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সোয়া তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এস আই) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।