যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
র্যাংকিংয়ে বিইউবিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম এবং সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এই র্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয়টি ওভারঅল গ্লোবাল র্যাংকিংয়ে ১০০১-১৫০০ অবস্থান ধরে রেখেছে। এ প্রসঙ্গে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, "এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল।"
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য সকল অংশীজনের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। বিইউবিটি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।