সচেতন গ্রাহক ফোরাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা করেন ফোরামের নেতারা।
ফোরামের আহ্বায়ক নূর উন নবী কেন্দ্রীয় ব্যাংককে সময়সীমা বেঁধে দিয়ে বলেন, সাত দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরো জানান, ইসলামী ব্যাংকের পর্ষদ পরিচালনায় কোনো ভুল সিদ্ধান্ত হলে তা ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করবে।
ফোরামের নেতারা এস আলমের পাচারকৃত সম্পত্তি দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। তারা দাবি করেন, আলাদা ট্রাইব্যুনালের মাধ্যমে যারা দোষী, তাদের বিচারের ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ইসলামী ব্যাংকে বোর্ড গঠনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হবে।