বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২১ জুন) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। তিনি বলেন, "দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ শিক্ষার উন্নয়নে একত্রে কাজ করছে। তিনি শিক্ষায় বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।
এসময় হায়দার পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানান। তিনি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠক শেষে, পাকিস্তানের হাইকমিশনার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।