সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বর্ষণের সতর্কবার্তার মধ্যে সোমবার (২২ জুন) সকালে ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও আজ সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।