ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন।
তৌসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, 'চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭ - ২ ব্রাজিল।' এই পোস্টের সঙ্গে তিনি দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তৌসিফকে দেখা যায়, অন্যটিতে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরা প্রতিপক্ষ দলকে দেখা যায়।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেক আর্জেন্টিনা সমর্থক ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার স্মৃতি টেনে এনে মজার মন্তব্য করছেন।
একজন মন্তব্য করেছেন, '৭ সংখ্যাটা যেন ব্রাজিলের জন্য অভিশাপ!' তৌসিফও নিজে মন্তব্যের ঘরে লিখেছেন, 'আমি মজা করছি না, আসলেই ৭-২ গোলে হেরেছে ব্রাজিল।' তার এই পোস্টে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন মাত্রার খুনসুটি শুরু হয়েছে।