বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা দুনিয়া। এই আবহে যমুনা টেলিভিশনের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কের টার্ফে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দল হিসেবে মাঠে নামে। উৎসবমুখর পরিবেশে আকাশি-সাদা জার্সিধারীরা ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে।
জয়ী দলের হয়ে লতিফ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক করেন। এছাড়া, পিয়াল ও ইয়ামিন একটি করে গোল করেন। ম্যাচজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, হাসি-আনন্দ এবং সহকর্মীদের উচ্ছ্বসিত সমর্থন।
মাঠের লড়াই শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
প্রীতি ম্যাচটি কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচ শেষে খেলোয়াড়রা হাসিমুখে একে অপরকে অভিনন্দন জানান।