বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে ২০ বছরের কম বয়সি দুজন খেলোয়াড় মাঠে নামিয়েছে ব্রাজিল। শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে রায়ান ও এন্ড্রিককে মাঠে নামিয়ে এই ইতিহাস গড়েন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
এর আগে, ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলে ও মাজেলা ওয়েলসের বিপক্ষে একই ম্যাচে ২০ বছরের কম বয়সি হিসেবে মাঠে নেমেছিলেন। এবারের ম্যাচে রায়ানের বয়স ছিল ১৯ বছর ৩২০ দিন, যা তাকে ব্রাজিলের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের মর্যাদা দেয়।
অন্যদিকে, এন্ড্রিকের বয়স ছিল ১৯ বছর ৩৩৪ দিন, যিনি এই তালিকায় সপ্তম খেলোয়াড়। উভয় খেলোয়াড়ের অভিষেক ব্রাজিলের ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বিশ্বকাপে অভিষিক্ত সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন পেলে (১৭ বছর ২৪৯ দিন, ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে), কার্লোস লেইতে (১৮ বছর ১৯ দিন, ১৯৩০ সালে বলিভিয়ার বিপক্ষে), মার্কো আন্তোনিও (১৯ বছর ৩৫ দিন, ১৯৭০ সালে রোমানিয়ার বিপক্ষে), তোস্তাও (১৯ বছর ৭২ দিন, ১৯৬৬ সালে হাঙ্গেরির বিপক্ষে) এবং হোসে আলতাফিনি (১৯ বছর ২৬৯ দিন, ১৯৫৮ সালে অস্ট্রিয়ার বিপক্ষে)।