বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে তুরস্কের খেলোয়াড়দের সঙ্গে কথা বলার কারণে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমিরন। শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে।
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, আলমিরন তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। এই বিষয়টি ম্যাচ কর্মকর্তার নজরে আসে এবং ভিএআর পর্যালোচনার পর রেফারি ইভান বার্টন তাকে সরাসরি লাল কার্ড দেখান।
এদিকে, প্যারাগুয়ে ১০ জনের দল নিয়েও ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে। সাবেক আয়ারল্যান্ড স্ট্রাইকার ক্লিনটন মরিসন বিবিসি রেডিও ৫ লাইভে বলেন, "নিয়ম জানা থাকলে এমন কাজ করা উচিত নয়।"
এবারের বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার বিরুদ্ধে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যা এপ্রিল মাসে কানাডার ভ্যাঙ্কুভারে আইএফএবি’র বিশেষ সভায় অনুমোদন পায়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মুখ ঢেকে কথা বললে রেফারিদের ধরে নিতে হবে যে খেলোয়াড় হয়তো এমন কিছু বলেছে যা বলা উচিত নয়। তবে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রেফারির বিবেচনার ওপর নির্ভর করবে।
এছাড়া, আলমিরন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেও নতুন নিয়মের কারণে আলোচনায় ছিলেন। ওই ম্যাচে তার বিরুদ্ধে হলুদ কার্ড দেওয়ার পর ভিএআর পর্যালোচনায় দেখা যায়, তিনি ডাইভ দিয়েছিলেন।