মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে গোপন সেল গঠন করেছে ইরান, হামলার পরিকল্পনা

ইরাকে গোপন সেল গঠন করেছে ইরান, হামলার পরিকল্পনা করছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে।

ইরাকে গোপন সেল গঠন করেছে ইরান, হামলার পরিকল্পনা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গোপনে ইরাকের ভেতরে নতুন কয়েকটি সেল গঠন করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

সূত্র অনুযায়ী, এই ইউনিটগুলো মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে যেসব দেশে মার্কিন সেনা অবস্থান করছে। প্রতিটি সেলে প্রায় ১০ জন করে 'এলিট' শিয়া যোদ্ধা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব ইউনিট ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা ও সামাওয়ার মরুভূমি এলাকা থেকে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা।

এই হামলাগুলো ২০ এপ্রিল থেকে ১৭ মে’র মধ্যে সংঘটিত হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব যোদ্ধার একটি অংশ আগে 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' নামের শেডো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

নতুন ইউনিটগুলো সরাসরি আইআরজিসির নির্দেশে কাজ করছে, যা ইরানের কৌশলে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক মিত্র বাহিনীগুলো আগের মতো শক্ত অবস্থানে নেই এবং অর্থনৈতিক ও সামরিক চাপ বেড়ে যাওয়ায় তেহরান কমসংখ্যক, কিন্তু বেশি নিয়ন্ত্রিত ও কট্টর যোদ্ধার মাধ্যমে হামলা চালানোর দিকে ঝুঁকছে।

ইরাক দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র—দুই পক্ষের প্রভাবের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে গোপন সেল গঠনের অভিযোগ নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন